হুথি সরকারের প্রধানমন্ত্রী ইসরায়েলের হামলায় নিহত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় হুথি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতের এ হামলায় তার আরও কয়েকজন সঙ্গীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া ও এডেন আল-ঘাদ।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান সানার একটি অ্যাপার্টমেন্টে নির্দিষ্টভাবে লক্ষ্য করে বোমাবর্ষণ করে। হামলাটি আলাদা করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে বলে ধারণা করছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানায়, হুথি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে টার্গেট করে একাধিক হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক সূত্রের দাবি, ওই সময় তারা সবাই হুথি নেতা আব্দুল মালেক আল-হুথির ভাষণ শুনতে জড়ো ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। স্থানটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত থাকলেও ইসরায়েলি বিমান সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়। হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।

২০১৫ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এরপর প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং হুথিদের সরকারকে অবৈধ ঘোষণা করেন। সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হামলা সত্ত্বেও হুথিরা এখনো সানার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই সরকারের প্রধান ছিলেন আহমেদ আল-রাহাউই।

সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুথিরা নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল। এর মাঝেই তাদের প্রধানমন্ত্রীকে হত্যার ঘটনা ঘটল।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।