হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা

কুমিল্লার তিতাসে বেড়াতে যাওয়ার কথা বলে এক যুবতীকে (২১) কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে নূর মোহাম্মদ নামে এক সাবেক সমন্বয়কের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই যুবতী।

অভিযুক্ত নূর মোহাম্মদ তিতাস উপজেলার কালাচান কান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি বিলুপ্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির তিতাস উপজেলা সমন্বয়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেছেন বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর শরীফ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, নূর মোহাম্মদের সঙ্গে পরিচয়ের পর থেকেই তিনি বিভিন্নভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন।

গত ১৬ জুলাই দুপুর ১২টার দিকে অভিযুক্ত নূর মোহাম্মদ ওই যুবতীকে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ানোর কথা বলে একটি মাইক্রোবাসে তুলে নেন। পথে তিনি কোমল পানীয় পান করান। কিছুক্ষণ পর ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। পরে তাকে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়।

পরবর্তীতে মাইক্রোবাসে করে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান নূর মোহাম্মদ। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে যুবতী ঘটনাটি পরিবারকে জানান। পরে পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।

আইনজীবী মোহাম্মদ ওমর শরীফ বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত নূর মোহাম্মদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত হওয়া কমিটির কুমিল্লা জেলার সাবেক সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা জেলার নেতা মোহাম্মদ সাকিব হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠন বলবৎ থাকলে হয়তো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেত। এখন তো আর সংগঠনের কার্যক্রম চালু নেই। তাই আমি কোনো মন্তব্য করতে পারছি না।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।