খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচেও টানা তৃতীয় ম্যাচেও টস হেরেছে সফরকারীরা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। ফলে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে হারলেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। আরব আমিরাতের মতো দলের কাছেও হারের পর পাকিস্তানের কাছে ধবলধোলাই হলে তা হবে লিটন দাসদের জন্য আরেকটি বড় ধাক্কা।
এদিকে সিরিজের শেষ ম্যাচটি জিতলে প্রায় সাড়ে তিন বছরের অপেক্ষা ফুরোবে পাকিস্তানের। ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে সবশেষ হোয়াইটওয়াশ করেছিল তারা। এরপর ১১ সিরিজ খেলে একটিতেও সব ম্যাচ জিততে পারেনি পাকিস্তান।
আগের ম্যাচে চোটে পড়া পেসার শরীফুল ইসলাম সিরিজ থেকেই ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। বাংলাদেশের ৯১তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হচ্ছে খালেদের। তাঁকে ক্যাপ পরিয়ে দিয়েছেন জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। বাংলাদেশ দলে এই একটিই পরিবর্তন।
পাকিস্তান দলও একাদশে একটি পরিবর্তন এনেছে। হারিস রউফের পরিবর্তে খেলছেন আব্বাস আফ্রিদি।
দুই দলের একাদশ
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তানজিম হাসান ও হাসান মাহমুদ।
পাকিস্তান: আগা সালমান (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলী ও আবরার আহমেদ।