খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ ফিচার যুক্ত হয়েছে, যা আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে পাচ্ছেন। এই ফিচারের মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট বা চ্যানেলের আপডেট বার্তাও সরাসরি অনুবাদ করা যাবে।
কোনো বার্তা অনুবাদ করতে ব্যবহারকারীকে বার্তার ওপর আঙুল চেপে ধরে রাখতে হবে। এরপর প্রদর্শিত মেনু থেকে ‘ট্রান্সলেট’ বিকল্প নির্বাচন করে প্রয়োজনীয় ভাষা বেছে নিতে হবে।
প্রথম ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রুশ এবং আরবি—এই ছয়টি ভাষার অনুবাদের সুবিধা চালু হয়েছে। অন্যদিকে, আইফোন ব্যবহারকারীরা শুরু থেকেই ১৯টির বেশি ভাষায় বার্তা অনুবাদ করতে পারছেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করারও সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ নতুন নয়; এর আগে অন্যান্য মেসেজিং অ্যাপে অনুবাদ ফিচার চালু হয়েছে। প্রায় এক দশক আগে গুগলও অ্যান্ড্রয়েডে তাদের ‘ট্যাপ টু ট্রান্সলেট’ প্রদর্শনীতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিল।
বিশ্বের বৃহত্তম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এই ফিচার যুক্ত হওয়ায় ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা ধীরে ধীরে আরও নতুন ভাষাকে অনুবাদ সুবিধার আওতায় আনবে।
খবরওয়ালা/টিএসএন