১০০ বাংলাদেশিকে ইরান থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে তেহরান থেকে দেশে ফিরে আসতে ১০০ জনের মতো দূতাবাসে যোগাযোগ করেছেন। তাদের তালিকা চূড়ান্ত করে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন, তেহরানে ৪০০ জনের মতো বাংলাদেশির মধ্যে এ পর্যন্ত ১০০ জন যোগাযোগ করেছেন। এখন তাদের কীভাবে কোন পথে ফেরানো যায়, সে প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত আনার অংশ হিসেবে পাকিস্তান কিংবা তুরস্কে নেওয়া হতে পারে। সব মিলিয়ে যে দেশ থেকে ফেরানো সুবিধা তৃতীয় ওই দেশ থেকে লোকজনকে দেশে ফেরানো হবে।

সচিব বলেন, ‘বাংলাদেশ দূতাবাস হটলাইন চালু করায় দেশে ফিরতে আগ্রহীদের সংখ্যা ইরানের পরিস্থিতির ওপর নির্ভর করে বাড়তে পারে। বর্তমানে ইন্টারনেট বন্ধ আছে, তবে টেলিফোনে সম্ভবত যোগাযোগ চালু আছে। বাকিদের তথ্য দূতাবাসের কাছে নেই, তবে যেহেতু হটলাইন চালু আছে, তারা চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

তেহরানের বাইরে বাংলাদেশিদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বন্দর আব্বাসে বাংলাদেশি আছেন। যদিও সেখানে (বন্দর আব্বাস) তারা এখনো যুদ্ধাক্রান্ত হননি। তারা যদি ভবিষ্যতে সহায়তা চান, তাহলেও দেওয়া হবে।

ইরানে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানে ইসরায়েলের নানামুখী হামলা হলেও সেখানকার কেন্দ্রস্থল ইউসেফ আবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত অক্ষত রয়েছে।

তবে কর্মকর্তারা জানান, ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে আজ সকাল থেকে দূতাবাসের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

জানা গেছে, ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবার এবং প্রবাসী কর্মকর্তারা যারা তেহরানে ছিলেন, তারাও নিরাপদ স্থানে চলে গেছেন। দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।