সংগীত জগতে সাফল্যের এক দশক পূর্ণ করল বিশ্ববিখ্যাত কে-পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’। বিশ্বজুড়ে কোটিরও বেশি অনুরাগী অর্জন করা এই ব্যান্ডটির ১০ বছর পূর্তি উদযাপনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াইজি এন্টারটেইনমেন্ট’। তবে এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আনন্দ উদযাপনের মাঝেই ভক্তদের ক্ষোভ ও তীব্র সমালোচনার মুখে পড়েছে ব্যান্ডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
শনিবার (৮ আগস্ট) আয়োজিত ১০ বছর পূর্তির এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটির মধ্য থেকে মাত্র ৪০ জন অনুরাগী অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে ঘোষণা দেয় ওয়াইজি এন্টারটেইনমেন্ট। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশক ধরে ব্যান্ডের পাশে থাকা অনুরাগী বা ‘ব্লিংক’দের ধন্যবাদ জানাতেই এই উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যার ব্যাপক প্রভাব ও কোটি কোটি সমর্থক রয়েছে, এমন একটি শীর্ষ ব্যান্ডের ১০ বছর উদযাপনে মাত্র ৪০ জনকে আমন্ত্রণের সিদ্ধান্তকে চরম হতাশাজনক ও অপ্রতুল বলে মনে করছেন আন্তর্জাতিক সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে ভক্তরা এ নিয়ে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন।
প্রযোজনা প্রতিষ্ঠানের নীতি নিয়ে বিতর্ক তৈরি হলেও মাইলফলক স্পর্শ করার এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় সদস্য জেনি। ইনস্টাগ্রামে এক বিশেষ পোস্টে তিনি লেখেন, চোখের পলকে যে ১০টি বছর কেটে গেছে তা বিশ্বাস করাই কঠিন। এই দীর্ঘ ও বর্ণিল যাত্রায় তিনি অনুধাবন করতে পেরেছেন যে, সবসময় এমন কিছু মানুষ পাশে ছিলেন যারা তাঁকে নিঃশর্ত বিশ্বাস করেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ জুগিয়েছেন। এই ভালোবাসাই তাঁদের প্রতিনিয়ত নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।
এক সময়ের দেখা সাধারণ স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করার জন্য ভক্তদের পাশাপাশি ব্যান্ডের সহকর্মীদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনি। ব্যান্ডের বাকি তিন সদস্য—জিসু, রোজে ও লিসার কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, পথচলার ১০ বছর পর ‘ধন্যবাদ’ শব্দটি এখন অনেক বেশি গভীর ও অর্থবহ মনে হচ্ছে। সুন্দর এই পথচলায় সর্বাত্মক সঙ্গ ও ভালোবাসার জন্য তিনি সবাইকে হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জানান।
মন্তব্য