খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর কাতারের আকাশসীমা আবারও উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে সচল হয়েছে দোহাগামী ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে কাতারের আকাশসীমা উন্মুক্ত করার পর আমাদের দোহাগামী ফ্লাইটগুলো ফের চালু হয়েছে। মাস্কটে ফেরত যাওয়া ফ্লাইটের যাত্রীদের হোটেল ও বিমানবন্দরে রাখা হয়েছিল। দুপুর ১২টার দিকে ওই ফ্লাইট দোহার উদ্দেশে আবার যাত্রা করেছে।’
রওশন কবীর আরও জানান, ‘দোহা হয়ে জেদ্দা যাওয়ার যে ফ্লাইট ছিল, তার যেসব যাত্রীকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অফলোড করা হয়েছিল, তাদের জন্যও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আশ্বস্ত করে বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক। কেবল কাতারের আকাশসীমা সাময়িক বন্ধ ছিল, ফলে কেবল দোহাগামী ফ্লাইটে প্রভাব পড়েছিল। মধ্যপ্রাচ্যের অন্য দেশের ফ্লাইট এবং হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময়েই পরিচালিত হয়েছে।’
এর আগে সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে কাতারের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এ কারণে ঢাকা থেকে দোহাগামী ফ্লাইট মাস্কটে অবতরণ করে এবং পরে জ্বালানি নিয়ে ঢাকায় ফিরে আসে।
খবরওয়ালা/এফএস