খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
বরিশালের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারী ১৭টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তার বিরুদ্ধে ভিডিওগুলো অপসারণের আবেদনও করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার পক্ষে আইনজীবী জিয়াউর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। কবিরের অপর আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ জানিয়েছেন, আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা আদেশে কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তাকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই আদেশে বরিশালের ভারপ্রাপ্ত ডিএফও হিসেবে দায়িত্ব পান পটুয়াখালীর উপ-বন সংরক্ষক মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা।
এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ আহমেদ বাবলু বরিশাল মহানগর প্রথম আমলি আদালতে কবির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, প্রতারণার মাধ্যমে একে একে ১৭টি বিয়ে সম্পন্ন করেন তিনি, যেগুলোর বেশির ভাগই পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন রেখে হয়েছে। এতে মুসলিম পারিবারিক আইন ১৯৬১-এর ৬ ধারা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে।
আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা কবির হোসেন ২০২৪ সালের ৩১ অক্টোবর বরিশালে বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি খুলনায় কর্মরত ছিলেন।
গত ১১ সেপ্টেম্বর বরিশালে বিভাগীয় বন কার্যালয়ের সামনে কয়েকজন নারী ও তাদের স্বজন মানববন্ধন করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা নিজেদের কবিরের স্ত্রী এবং প্রতারণার শিকার বলে দাবি করেন। এরপর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
অভিযোগের পর বন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে এবং সরেজমিন তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করে।
খবরওয়ালা/টিএসএন