খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম
দেশের শিল্প ও বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে এই জ্বালানি আমদানি করা হবে। দুটি কার্গো কিনতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ ২৭ হাজার টাকা।
সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৮তম সভায় এই আমদানির প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বিষয়টি উপস্থাপন করা হলে বিষদ আলোচনা শেষে কমিটি এতে সম্মতি প্রদান করে।
বৈঠকের বিবরণ থেকে জানা যায়, দেশের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন এবং পোশাকসহ প্রধান শিল্প কারখানাগুলোতে স্বাভাবিক গ্যাস সরবরাহ সচল রাখতে জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি-১০৫(৩)(ক) অনুসরণ করে সরাসরি আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এই জ্বালানি সংগ্রহ করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, আমদানিকৃত এলএনজির সরবরাহ নিশ্চিত করবে সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই দুই কার্গো এলএনজি দেশের ভাসমান এলএনজি টার্মিনালে এসে পৌঁছাবে।
সহজে বোঝার সুবিধার্থে আমদানিকৃত দুই কার্গো এলএনজির দাম, পরিমাপ ও সরবরাহের সময়সূচির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
প্রথম কার্গো (২৩-২৪ আগস্ট): প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১.৮৭৮ মার্কিন ডলার। এডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) সহ এই কার্গোটি কিনতে সরকারের খরচ হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৪ টাকা।
দ্বিতীয় কার্গো (৪-৫ সেপ্টেম্বর): প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২১.৭৭৮ মার্কিন ডলার। এআইটি অন্তর্ভুক্ত হিসাব অনুযায়ী এটি ক্রয়ে সরকারের ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা।
দুই কার্গোতে মোট খরচের অংক দাঁড়িয়েছে ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ২০৩ টাকা।
উল্লেখ্য, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মূল প্রস্তাবে ২৩-২৪ আগস্ট (৪০তম), ২৬-২৭ আগস্ট (৪১তম), ২৯-৩০ আগস্ট (৪৩তম), ১-২ সেপ্টেম্বর (৪৪তম) এবং ৪-৫ সেপ্টেম্বর (৪৫তম) মোট পাঁচ কার্গো এলএনজি আমদানির একটি সার্বিক পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল। মন্ত্রিসভা কমিটি প্রস্তাবিত পাঁচটি কার্গোর মধ্য থেকে জরুরি অগ্রাধিকার বিবেচনায় আপাতত দুই কার্গো কেনার সিদ্ধান্ত চুড়ান্ত করে।
বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠা-নামার মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জাতীয় গ্রিডে গ্যাসের চাপ ধরে রাখতে সরকারের এই দ্রুত সিদ্ধান্ত বিশেষ ভূমিকা রাখবে। আমদানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগস্টের শেষ ও সেপ্টেম্বরের শুরুতে জাতীয় গ্যাসে এই নতুন চালান যুক্ত হবে।
মন্তব্য