২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তান-আফগানিস্তানের অস্ত্রবিরতি পণ্ড

অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিনও না পেরোতেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ভোর থেকে দুই দেশ পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়েছে বলে কাবুলের বিভিন্ন সূত্র জানিয়েছে।

স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে জানা গেছে, ভোর চারটার দিকে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় পাকিস্তান প্রথমে রকেট হামলা চালায়। তবে ওই হামলায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর মেলেনি।

আফগান সূত্রগুলোর দাবি, পাকিস্তানের দিক থেকে প্রথম হামলার পর ইসলামি আমিরাতের সরকার পাল্টা রকেট হামলা চালায় পাকিস্তানি চৌকি ও অবস্থানের দিকে। এতে পাকিস্তানের দিকেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে দাবি করেছে কাবুলের বিভিন্ন সূত্র।

এই হামলার মধ্য দিয়ে কাতার ও ইরানের মধ্যস্থতায় শুরু হওয়া অস্ত্রবিরতি মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ল। ফলে অস্ত্রবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অথচ সোমবারই দুই দেশ প্রকাশ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছিল।

এদিকে, সাম্প্রতিক কূটনৈতিক মন্তব্যে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তুলনা করেছে। গত কয়েক বছর ধরে ইসলামাবাদ আফগান সরকারকে ‘অন্তর্বর্তী’ বা ‘আফগানিস্তানের সরকার’ হিসেবে উল্লেখ করে আসছিল। কিন্তু গত রোববার থেকে তারা প্রকাশ্যে আফগান প্রশাসনকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে অভিযুক্ত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সাম্প্রতিক হামলাগুলো আফগান তালেবান, টিটিপি ও বালুচ বিচ্ছিন্নতাবাদীদের যৌথ তৎপরতার ফল। অর্থাৎ আফগান সরকার এখন কার্যত বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে একযোগে কাজ করছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসলামি আমিরাত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।