খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
রবিবার (১৬ মার্চ) রাতে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এসংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ২৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রকৌশলী মিজানুর আরও বলেন, এ সময় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্যবর্ধন করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।
খবরওয়ালা/এমইউ