৩৫ বছর পর চাকসু নির্বাচন, তফসিল বৃহস্পতিবার

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং শিগগিরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি।

রবিবার (২৪ আগস্ট) দুপুরের দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বলেন, ‘চাকসু ভবনের দোতলায় আমরা নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করেছি। আজকের মধ্যেই প্রস্তুতি শেষ হবে বলে আশা করছি। শিগগিরই আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাব। একটি মিটিং করে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে।’

কমিটির সদস্য সচিব শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, সবশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে। তফসিলও দ্রুত ঘোষণা করা হবে। তা এ সপ্তাহের শেষেই।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের ৩৫ বছরের প্রত্যাশার এই নির্বাচন আমরা আয়োজন করছি। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে আমরা তফসিল ঘোষণা করব। সামগ্রিকভাবে প্রস্তুতি শেষের পথে। খুব শিগগিরই সবাই জানতে পারবেন, কবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এবারের চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন। কমিটির সদস্য সচিব শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী (ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ), অধ্যাপক ড. মু. আফর উল্লাহ তালুকদার (ডিন, আইন অনুষদ),অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক (প্রভোস্ট, শামসুন নাহার হল), অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (পরিচালক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র),অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ (প্রক্টর), অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ (লোকপ্রশাসন বিভাগ),অধ্যাপক ড. রুমানা আক্তার (সভাপতি, মনোবিজ্ঞান বিভাগ),অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস), সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব (ইংরেজি বিভাগ)।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।