ভোলার উপকূলীয় জেলা বিভিন্ন এলাকায় অতি জোয়ার ও বায়ুর প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে জেলার বিভিন্ন উপজেলার বনে থাকা হরিণগুলো লোকালয়ে ভেসে এসেছে।
স্থানীয়রা জানান, এ সুযোগে একশ্রেণির শিকারি নদী বা লোকালয়ে ভেসে আসা বনের হরিণগুলোকে ধরে নিয়ে গোপনে জবাই করে বিভিন্ন হোটেলে বিক্রি করছে।
শনিবার (২৩ আগস্ট) লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকায় স্থানীয়রা মেঘনার পানিতে ভেসে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেন। পরে তারা উদ্ধার হওয়া হরিণটিকে লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, ‘ওই দিন বিকেল ৫টার দিকে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িতে হরিণটিকে নিয়ে যান স্থানীয়রা। হরিণটি রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’
লালমোহন উপজেলা বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, ‘অতি জোয়ারের কারণে বনের হরিণগুলো লোকালয়ে চলে এসেছে। উদ্ধারকৃত হরিণটি অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার পর সুস্থ হলে এটিকে কুকরি-মুকরি ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
খবরওয়ালা/শরিফ



