খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ৫৪ বছরে পা রাখলেন। মাঠের ভেতরে চোখধাঁধানো অফ-সাইডের স্ট্রোক প্লে আর আগ্রাসী ও নির্ভীক নেতৃত্ব দিয়ে তিনি বিশ্ব ক্রিকেটে নিজের নাম খোদাই করে নিয়েছেন। ‘দাদা’ নামে পরিচিত এই তারকা খেলোয়াড়ের ৫৪তম জন্মদিনে তাঁর বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে কলকাতার বেহালায় অবস্থিত তাঁর ঐতিহ্যবাহী পৈতৃক বাড়িটি।
ক্রিকেট বিশ্বের অসামান্য খ্যাতি এবং বিত্ত বৈভব থাকা সত্ত্বেও কলকাতার এই ‘প্রিন্স’ নিজের শিকড়কে ভুলে যাননি। স্ত্রী ডোনা গাঙ্গুলী ও একমাত্র কন্যা সানা গাঙ্গুলীকে নিয়ে তিনি এখনও বেহালার বীরেন রায় রোডের সেই পুরোনো পৈতৃক ভিটাতেই বসবাস করেন। প্রায় ৬০ বছরের বেশি সময় ধরে এই বিশাল বাড়িটি গাঙ্গুলী পরিবারের পরম যত্নে গড়ে ওঠা এক অনন্য স্বর্গরাজ্য। বর্তমানে বাড়িটির আর্থিক মূল্য ও এর ভেতরের সুযোগ-সুবিধা আধুনিক যেকোনো রাজপ্রাসাদকে টেক্কা দিতে পারে। নোব্রোকার নামক একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান বাজারে এই বিলাসবহুল ঐতিহ্যবাহী বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি রুপি।
কলকাতার অন্যতম বৃহৎ এই ব্যক্তিগত আবাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ৪৮টি কক্ষ। লাল ও সাদা রঙের এক ক্ল্যাসিক মিশ্রণে বাড়িটির বাইরের অংশ সাজানো হয়েছে, যা দূর থেকেই পথচারীদের নজর কাড়ে। অন্যদিকে ভেতরের দেয়াল ও আসবাবে ব্যবহার করা হয়েছে সাদা, বেইজ ও হালকা বাদামি রঙের আভিজাত্য। এই রঙের নিখুঁত বিন্যাস পুরো বাড়িতে একটি শান্ত ও অত্যন্ত রাজকীয় পরিবেশ তৈরি করেছে। প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর সঙ্গে আধুনিক অন্দরসজ্জার এই মেলবন্ধন বাড়িটিকে করে তুলেছে এক অপরূপ শিল্পকর্ম।
গাঙ্গুলী ভবনের সবচেয়ে দর্শনীয় এবং আবেগের জায়গা হলো এর ‘ওয়াল অব ফেম’। সৌরভ গাঙ্গুলীর দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের রক্ত জল করা পরিশ্রমের ফসল—অসংখ্য ট্রফি, মেডেল, ব্লেজার ও স্মারকচিহ্ন দিয়ে সাজানো হয়েছে এই কর্নারটি। সেখানে আসা অতিথিরা যাতে আরাম করে ভারতের ক্রিকেট ইতিহাসের এই সোনালী অধ্যায় দেখতে পারেন, সেজন্য রাখা হয়েছে বিলাসবহুল বাদামি চামড়ার সোফা।
এছাড়া বিশাল এই প্রাসাদে রয়েছে একাধিক ড্রইংরুম, পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বিশেষ লিভিং রুম এবং অত্যন্ত সুপরিসর একটি ডাইনিং রুম। প্রাচীন আমলের নকশাদার চেয়ার এবং বিশাল কাঠের খাবার টেবিলটি রাজকীয় ডাইনিংয়ের ঐতিহ্য মনে করিয়ে দেয়। বাড়ির পেছনের অংশটি আরও চমৎকার। সেখানে রয়েছে সবুজে ঘেরা এক বিশাল বাগান, যেখানে নানা জাতের বড় বড় গাছপালা ছায়া দিয়ে রাখে। বাগান ঘেঁষে লাল-সাদা টাইলস দিয়ে তৈরি করা হয়েছে একটি হাঁটার পথ, যেখানে গাঙ্গুলী পরিবারের সদস্যরা সকাল-বিকেল সময় কাটান। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো, এই বাড়ির প্রাঙ্গণেই রয়েছে একটি ছোট ও সুসংরক্ষিত ক্রিকেট পিচ। ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই সৌরভ গাঙ্গুলী এখানে ব্যাট হাতে নেমে পড়েন এবং ক্রিকেটের প্রতি নিজের আজন্ম ভালোবাসাকে ঝালিয়ে নেন।
মন্তব্য