৫ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চীন ফ্লাইট

প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর অক্টোবর থেকেই ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এ বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর থেকে ভারত-চীন ফ্লাইট পরিষেবা বন্ধ ছিল। এরপর দুই দেশের মধ্যে চলমান নানা উত্তেজনার মধ্যে আর তা চালু হয়নি। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রতিরোধ্য বৈদেশিক নীতির কারণে সৃষ্ট ভূরাজনৈতিক চাপ মোকাবিলায় সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে প্রতিবেশী দুই দেশ নিজেদের সম্পর্ক উন্নতির চেষ্টা করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসেবে চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছিল ভারত ও চীন। এই আলোচনায় সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু করা এবং বিমান পরিষেবা চুক্তি সংশোধন করার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

ওই আলোচনার পর দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে, উভয় দেশের নির্দিষ্ট বিমান সংস্থাগুলো সব ধরনের অপারেশনাল মানদণ্ড পূরণ করে ২০২৫ সালের অক্টোবর মাসের শেষের দিকে শীতকালীন সময়সূচি অনুসারে সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই পদক্ষেপের ফলে দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং এটি ধীরে ধীরে ‘দ্বিপক্ষীয় আদান-প্রদান স্বাভাবিকীকরণে’ অবদান রাখবে।

 

সূত্র: রয়টার্স

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।