খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-কে পরিবেশবান্ধব করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একাধিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। মাঠের ভেতরে ও বাইরে পরিবেশকে পরিবেশবান্ধব রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়, যা সবুজের বার্তা ছড়িয়ে দিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাঠের ভেতরে ও বাইরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ইকো-ফ্রেন্ডলি প্ল্যাকার্ড ও প্রপস ব্যবহারের পাশাপাশি ‘চার’ ও ‘ছক্কা’ উদযাপনের উপকরণেও পরিবেশবান্ধব বার্তা সংযোজন করা হয়েছে।”
টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচে প্রতিটি দলের অধিনায়কের মধ্যে গাছ উপহার বিনিময়ের ব্যবস্থা রাখা হয়, যা পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে কাজ করেছে। ম্যাচ চলাকালীন এল-শেপ বিজ্ঞাপন ও থিমেটিক টিভিসি সম্প্রচার করা হয়, যেখানে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন, বায়ু ও শব্দদূষণ রোধের বার্তা প্রচার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্নার স্থাপন করা হয়েছে। এসব কর্নারে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম প্রদর্শনের পাশাপাশি দর্শকদের পরিবেশবান্ধব কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হয়। পরিবেশ দূষণ রোধে ইন্টারঅ্যাক্টিভ বিন স্থাপন করা হয়, যেখানে রঙ চিহ্নিত বিনের মাধ্যমে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।
এছাড়া, বিপিএল ম্যাচ চলাকালীন রেডিওতে পরিবেশ সচেতনতামূলক বার্তা সম্প্রচারিত হয়, যেখানে জনপ্রিয় আরজেদের এনডোর্সমেন্ট যুক্ত করা হয়। বিপিএল সংশ্লিষ্ট ফেসবুক, ইউটিউব এবং টিকটক প্ল্যাটফর্মে পরিবেশ সচেতনতা বিষয়ক বার্তা প্রচার ও বুস্টিং করা হয়, যা তরুণদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে সহায়ক হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে বিপিএল ২০২৫-কে শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং একটি পরিবেশ সচেতনতামূলক উৎসবে পরিণত করা হয়েছে। তরুণদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খেলাধুলা, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সকল প্রকার অনুষ্ঠান পরিবেশবান্ধবভাবে আয়োজনের জন্য সবার কাছে আহ্বান জানিয়েছে।
খবরওয়ালা/জেআর