খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তরফ থেকে দেওয়া ‘দ্য প্রেসিডেন্টস; ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন দেশের অন্যতম সফল ইউটিউবার তৌহিদ আফ্রিদী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
দেশের রাজনৈতিক পট-পরিবর্তনে সোশ্যাল মিডিয়াতে থেকে চুপ হয়ে যাওয়া আফ্রিদী হঠাৎ করেই দিলেন এ সুখবর। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি জানিয়েছেন যে, তিনি ‘দ্য প্রেসিডেন্টস; ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন! যেট প্রদান করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তরফ থেকে।
আফ্রিদীর ঠিকানায় চলে এসেছে সেই পুরস্কার। ফেসবুক পোস্টে সেই মেডেল ও সার্টিফিকেটের ছবি পোস্ট করেছেন। সার্টিফিকেটে দেখা যাচ্ছে এটি ২০২৪-এর পুরস্কার, আর তাতে সাক্ষর রয়েছে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের।
আফ্রিদী লিখেছেন, ‘সকল প্রশংসা আল্লাহ তা’আলার। আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমার সাথে আছেন ও তিনিই সবচেয়ে বেশি আমার মঙ্গল চান। তার অশেষ মেহেরবানিতে আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলাম।’
তিনি আরও লিখেছেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের ভালোবেসে সামান্য কিছু কাজ করেছি বলেই ভলান্টিয়ার সার্ভিসে এই অ্যাওয়ার্ডটি পেলাম। এরকম একটি গোল্ড মেডেল হয়ত অনেকেরই স্বপ্ন। সত্যি বলতে আমি এই অ্যাওয়ার্ডের লোভে কখনোই কাজ করে যাইনি। আমি আপনাদের জন্য এগিয়ে গেছি আপনাদের ভালোবাসা পাওয়ার লোভে। অথচ আজ দেখুন, আমি না চাইতেই অ্যাওয়ার্ডটি ঠিকই আমার ভাগ্যে চলে আসলো। অথচ আমার যেটা চাওয়া, আপনাদের অনেকের সেই ভালোবাসা থেকেই হয়ত আমি বঞ্চিত! আমি এখনো বিশ্বাস করি, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনিই হয়ত আমাকে সামনে এগোনোর সঠিক পথ দেখাবেন।’
তার এই পোস্ট দারুণ সাড়া ফেলেছে। এরই মধ্যে প্রায় ৫০ হাজার রিঅ্যাক্ট এসেছে পোস্টটিতে। মন্তব্য এসেছে সাড়ে চার হাজারের বেশি। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
খবরওয়ালা/জেআর