খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশজুড়ে চলা গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের হাতে সাবেক সংসদ সদস্যসহ আরও ১০০ জন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে গত দুদিনে গাজীপুর জেলায় মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতের অভিযানে জেলা পুলিশ ২১ জন ও মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী যাবের সাদেক গণমাধ্যমকে জানান, রাতভর অভিযানে গাজীপুর জেলা পুলিশ ২১ জনকে আটক করে। তাঁদের সবাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, ‘গতকাল রাত ১২টা পর্যন্ত মহানগরীর ৮টি থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করেছে।’
সারা দেশে গত শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়। এতে বলা হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।
খবরওয়ালা/ এমবি