খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং অর্থায়নে আহতরা ব্যাংককের ভেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসাধীন আহতরা হলেন– পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়।
এর আগে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ২২ জন আহতকে ব্যাংককে পাঠানো হয়েছিল। সবমিলিয়ে বর্তমানে ৩৫ জন আন্দোলনকারীকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/আরডি