খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: এখন থেকে ভুটানেও পাওয়া যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে (পূর্বে টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন।
স্টারলিংকের সেবা প্রাপ্যতার মানচিত্র আপডেট করে ভুটানকে যুক্ত করা হয়েছে। স্টারলিংক জানিয়েছে, তারা স্থল, আকাশ ও সমুদ্রে আরও বিস্তৃত পরিসরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ভুটানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে এই সেবা চালু রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরু করতে এখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। অন্যদিকে, মিয়ানমারে কবে নাগাদ এটি চালু হতে পারে, তা অনিশ্চিত। তবে বাংলাদেশে এ বছরই স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
খবরওয়ালা/টিএ