খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক: সুপ্রিম কোর্টের ভেতরে নির্মাণাধীন ভবনের ১১তলার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী হামিদুল ইসলাম জানান, মজিবর রহমান (২০)। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কোমরডোলা গ্রামে। বর্তমানে সুপ্রিম কোর্টের ভেতরেই থাকতেন। তিনি রাজমিস্ত্রীর হেলপার ছিলেন। রাতে নির্মাণাধীন ভবনের ১১তলার ছাদে কাজ করার সময় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুপ্রিম কোর্ট থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
খবরওয়ালা/এমবি