খবরওয়ালা মফস্বল ডেস্ক: ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে দেখা করতে বগুড়ার ধুনটে গিয়ে যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার সময় কলেজ পড়ুয়া ৪ বন্ধু নিখোঁজ হয়। এর মধ্যে স্থানীয়রা ৩ বন্ধুকে উদ্ধার করে। এখনো ১ জন নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনায় নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ রহমান (১৮)। সে বগুড়ার শেরপুর শহরের টাইন কলোনির জাহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া যমুনা নদী থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল (১৮), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮)। উদ্ধারকৃতরা সুস্থ রয়েছে।
জানা যায়, যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকা স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। ছুটির দিনে ভ্রমণ পিপাসুরা প্রিয়জনদের নিয়ে এখানে বেড়াতে আসেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ওই চার বন্ধু বানিয়াজান স্পার এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে। এরপর যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার প্রতিযোগিতা করতে থাকে তারা। এক পর্যায়ে যমুনা নদীতে পড়ে ডুবে যায় ৪ বন্ধু। এসময় সেখানকার অন্য ভ্রমণকারীরা স্থানীয়দের সহযোগিতায় ৩ বন্ধুকে উদ্ধার করে। আর এক জনকে উদ্ধার করতে পারেননি।
এ তথ্য নিশ্চিত করে ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক গণমাধ্যমকে বলেন, যমুনা নদীর পানিতে প্রবল স্রোত বইছে। এ কারণে নিখোঁজ জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে যেতে পারে। তাকে উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দলের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যেই ডুবুরি দল রাজশাহী থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
খবরওয়ালা/আরডি



