খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ৩:৩৯ পিএম
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্বলন ও ঝটিকা মিছিল বের করার পর অভিযান চালিয়ে চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ১ আগস্টের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের ছবি সম্বলিত ব্যানার নিয়ে রসুলপুর গ্রামের বিলপাড় এলাকার একটি কাঁচা রাস্তায় জড়ো হন আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখানে তারা মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি সরকারবিরোধী ও উসকানিমূলক নানা স্লোগান দিতে থাকেন। নির্জন এলাকায় হঠাৎ করে এই ঝটিকা মিছিল ও স্লোগানের কারণে স্থানীয় লোকজনের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখা দেয়।
উসকানিমূলক কর্মকাণ্ডের এই গোপন খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশের একটি দল গভীর রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—
মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক শাহীন (৪০)
মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ (৩৭)
একই ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য জহিরুল ইসলাম (৩৯)
মোয়াজ্জেমপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এলাকার সার্বিক জননিরাপত্তা ক্ষুণ্ণ করা এবং জনমনে ভিীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অপরাধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, আইন অমান্য করে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় যুক্ত থাকার অপরাধে ওই চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই ঝটিকা মিছিলে জড়িত অন্যান্য আসামিদের দ্রুত শনাক্ত করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান এখনো অব্যাহত রয়েছে।
মন্তব্য