নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইলে সরকারি সুযোগ-সুবিধা এবং সহায়তার আশায় থাকা সাধারণ ও নিম্নআয়ের মানুষের সরলতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার এক গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। টিসিবির ফ্যামিলি কার্ড এবং কৃষি দপ্তরের কৃষক কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামীণ বাসিন্দাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

ঘটনার শিকার ভুক্তভোগীরা জানান, সরকারি নানা সুবিধা দ্রুত পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম (৫৫) তাদের কাছ থেকে নগদ অর্থ আদায় করেন। তিনি নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের বাসিন্দা। ক্ষমতার দাপট ও নানা প্রলোভন দেখিয়ে তিনি এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে এই অর্থ নেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন (২৭) সম্প্রতি গণমাধ্যমকর্মীদের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের বক্তব্য থেকে জানা যায়, প্রায় দুই মাস আগে ফ্যামিলি ও কৃষক কার্ড করে দেওয়ার নাম করে সাখাওয়াত হোসেনের কাছ থেকে নগদ ২ হাজার টাকা আদায় করেন অভিযুক্ত আবুল কালাম। শুধু সাখাওয়াতই নন, একই উপায়ে তাঁর চাচি মজিদা খাতুনের কাছ থেকে নেওয়া হয় ৫০০ টাকা। এছাড়া পার্শ্ববর্তী শিমুলাটিয়া গ্রামের মৃত গণির ছেলে মো. লতিফ মিয়ার কাছ থেকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে একাই হাতিয়ে নেওয়া হয় ৫ হাজার টাকা। তিনজনের কাছ থেকে মোট ৭ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে এই লিখিত অভিযোগে।

টাকা হস্তান্তরের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো কার্ড পাননি ভুক্তভোগীরা। বারবার যোগাযোগ করা হলে অভিযুক্ত নেতা বিভিন্ন অযুহাত দেখিয়ে সময় পার করতে থাকেন। একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা তাদের কষ্টার্জিত টাকা ফেরত চাইলে শুরু হয় চরম দুর্ব্যবহার। টাকা ফেরত চাওয়ায় স্থানীয় প্রভাব খাটিয়ে তাদের ভয়ভীতি প্রদর্শন এবং মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

নিজের দুর্ভোগের কথা জানাতে গিয়ে ক্ষুব্ধ সাখাওয়াত হোসেন বলেন, কার্ড দেওয়ার নাম করে টাকা নেওয়ার পর থেকে তিনি শুধু ঘুরিয়েই যাচ্ছেন। এখন পাওনা টাকা চাইতে গেলে তিনি আর আগের মতো কথা বলেন না, উল্টো ভয়ভীতি ও রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের হুমকি দিচ্ছেন। আমরা না পেলাম কার্ড, না পাচ্ছি নিজের কষ্টার্জিত টাকা।

আরেক ভুক্তভোগী মো. লতিফ মিয়া আক্ষেপ প্রকাশ করে বলেন, আমি অত্যন্ত দরিদ্র একজন মানুষ। সংসারের একটু সহায়তার আশায় ফ্যামিলি কার্ডের জন্য আবুল কালামকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্ড পাইনি। টাকাটা ফেরত চাইতে গেলেও তিনি দিচ্ছেন না। আমাদের মতো গরিব মানুষের ওপর এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন অভিযুক্ত নেতা মো. আবুল কালাম। তিনি বলেন, একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমি ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। আমার মর্যাদা ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এই কাল্পনিক অভিযোগ আনা হয়েছে। যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুতই আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

সরকারি কার্ড করতে কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা জানান, সরকারি নিয়ম অনুযায়ী কৃষক কার্ড প্রস্তুত করতে কোনো ধরনের ফি বা টাকা লাগে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের প্রদান করা হয়। কোনো মধ্যস্বত্বভোগী যদি টাকা নিয়ে থাকে, তবে বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নিয়ে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে।

অন্যদিকে ঘটনার প্রাথমিক প্রশাসনিক প্রতিক্রিয়া জানিয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, সরকারি যে কোনো সেবার নামে অর্থ আদায় করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। লিখিত অভিযোগ প্রাপ্তি বা তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রামীণ জনপদে সুবিধাবঞ্চিত মানুষের সরকারি কার্ড দেওয়ার নামে এই ধরনের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ বাসিন্দারা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।