খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 12শে ফাল্গুন ১৪৩১ | ২৪ই ফেব্রুয়ারি ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
খবরওয়ালা অনলাইন ডেস্ক: আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটিসহ আরো কিছু ছুটি মিলিয়ে ৪০ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ২০ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণির কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৩৮ দিনের ছুটি শুরু হলেও ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সেই হিসাবে বন্ধের সংখ্যা দুইদিন বেড়ে দাঁড়ায় ৪০ দিনে। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানে কেন্দ্র রয়েছে সেইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা থাকবেন ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী গণমাধ্যমকে বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) নুরুল হক সিকদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সর্বশেষ ক্লাস হবে। অন্যদিকে, ১০ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠানে টানা ২ মাস ১০ দিন ছুটি থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, চলতি বছরের রমজান, ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, পরীক্ষা চলাকালীন সময় বাদে স্কুল-কলেজগুলো নিজস্ব ব্যবস্থাপনায় যদি ক্লাস নিতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো নিষেধ নেই।
এদিকে ২০ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণির কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খানের কাছে স্মারকলিপি দেন। সংগঠনটির দাবি, রমজানের পবিত্রতা রক্ষা করে ২০ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণির কার্যক্রম চালু রাখা হোক।
জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছায়নি। ফলে গত দুই মাসে সেভাবে পড়াশোনা হয়নি। এর মধ্যে রমজান, ঈদুল ফিতরের এক মাসের বেশি ছুটি। এরপর শুরু হবে এসএসসি পরীক্ষা। তাই আমরা দাবি জানিয়েছি, এই লম্বা ছুটিতে সরাসরি সম্ভব না হলেও অনলাইনে যেন ক্লাস হয়। মোট কথা শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে হবে।
খবরওয়ালা/টিএ