খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ২৯ জন ডাকাত, ২৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ছয়জন চাঁদাবাজ, ১০ জন চোর, ১৯ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৫ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে।
তিনি বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট পরিচালনা করে।
গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১টি রামদা, ৪টি চাকু, ২টি সামুরাই, ১টি কাটিং প্লায়ার্স, ২টি ছুরি, ১টি শাবল, ২টি রড, সাংবাদিকতার ২টি ভুয়া আইডি কার্ড, ২টি মোটরসাইকেল, ২ কেজি ৯০০ গ্রাম তামার তার, ১৭ টি চাবি, ১টি সুইচ, ৩টি দড়ি, ৫টি মোবাইল, ১২টি বিদেশি নোট, ১টি সোনার চেইন, ২টি ওভেন, ১টি ফ্রিজ, ২টি ব্লেন্ডার, ২টি সাব-মেশিন, ১টি জুস সিল মেশিন, ১টি সাউন্ড বক্স ও নগদ ৮ লাখ ১৩ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ১০ হাজার ৩০২ পিচ ইয়াবা, এক কেজি ১৪০ গ্রাম গাঁজা, দুই ক্যান বিয়ার ও দুই বোতল ফেনসিডিল।
গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৮টি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
খবরওয়ালা/এমএম