ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি ও হতাহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নতুন ভবনের আট তলায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ছয়টার দিকে নতুন ভবনের আট তলায় অবস্থিত শিশু ওয়ার্ড সংলগ্ন এলাকায় আগুন লাগে। মুহূর্তে পুরো ওয়ার্ডে ও করিডোরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সদর ফায়ার স্টেশন থেকেও উদ্ধারকারী দল হাসপাতালে পৌঁছায়।
আগুনের খবর এবং চারদিকে ঘন ধোঁয়া দেখে হাসপাতালের শিশু ওয়ার্ডের রোগী, তাদের অভিভাবক ও অন্যান্য সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে রোগী ও স্বজনরা যে যার মতো হুড়োহুড়ি করে সিড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এতে সিঁড়িতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ওপর থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজন পড়ে গিয়ে আঘাত পান। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় কোনো বড় ধরনের মর্মান্তিক ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নতুন ভবনের লিফটের মেশিনের যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল প্রশাসন জানিয়েছে, আগুন নেভানো হলেও ভবনজুড়ে জমে থাকা ধোঁয়া বের করার কাজ চালানো হয়। ধোঁয়া পুরোপুরি মুক্ত হওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসা কার্যক্রম যথারীতি চালু আছে। পুরো ঘটনাটি তদন্তে শিগগিরই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।