মিরসরাইয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ৪৫ দিনে শনাক্ত ২০

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রতিদিন নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। উপজেলার প্রধান স্বাস্থ্যকেন্দ্রে অব্যাহতভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার মাধ্যমে ১০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গেল আগস্ট মাসেও একই চিত্র পরিলক্ষিত হয়েছে। আগস্টে ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ১২ জন রোগীর রক্ত পরীক্ষা করা হলে ১০ জনের শরীরে এডিস মশাবাহিত এই ভাইরাসটি ধরা পড়ে। ফলে আগস্ট ও সেপ্টেম্বরের প্রথম অর্ধেক মিলিয়ে গত ৪৫ দিনে মিরসরাই উপজেলায় মোট ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগীদের তালিকায় বাবলু (২৮) নামে আরও এক নতুন ডেঙ্গু রোগী যুক্ত হয়েছেন। এভাবে ঝুকি ও শনাক্তের হার বাড়তে থাকায় উপজেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে চারপাশের জমা পানিতে এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী দিনগুলোতে সংক্রমণের মাত্রা আরও মারাত্মক হওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বর, গায়ে ব্যথা বা ডেঙ্গুর লক্ষণ নিয়ে আসা প্রতিটা রোগীর যথাযথ এনএস১ ও অন্যান্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ এলেই তাদের দ্রুত ভর্তি নিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকদের মতে, ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতাল প্রস্তুত থাকলেও রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও মশক নিধনই একমাত্র কার্যকর উপায়।
চিকিৎসকরা জোর দিয়ে বলছেন, বসতবাড়ির আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে টব, ডাবের খোসা, পরিত্যক্ত প্লাস্টিকের পাত্র, রঙের ড্রাম কিংবা ড্রেনে যেন কোনোভাবেই তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে। নিয়মিত এসব পানি অপসারণ না করলে ডেঙ্গুর জীবাণুবাহী মশা মারাত্মক হারে বাড়তে থাকবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন সার্বিক পরিস্থিতি নিয়ে জানান, চিকিৎসাসেবা জোরদার রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সতর্ক থাকা সবচেয়ে জরুরি। জ্বর বা অন্য যেকোনো শারীরিক জটিলতা দেখা দিলে বাড়িতে ফেলে না রেখে দ্রুততম সময়ে সরকারি হাসপাতালে এসে পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।