মালয়েশিয়ায় কুকুর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় কুকুরের ওপর বর্বর নির্যাতন চালানোর অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি দোকানের বাইরে একটি কুকুরকে শক্ত কোনো বস্তু দিয়ে বারবার আঘাত করছেন। পরে দেশটির জোহর এলাকার সিনাই থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কুলাই বিভাগ পুলিশ প্রধান তাঙ সেঙ লি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুলিশের নজরে একটি ভাইরাল ভিডিও আসে, যেখানে এক ব্যক্তিকে কুকুরের ওপর নির্যাতন চালাতে দেখা যায়। ভিডিওটি ইনস্টাগ্রামের ‘আপডেটইনফো১১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এরপর ৩৩ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তি অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি সিনাইয়ের একটি দোকানের সামনে ঘটনাটি ঘটে।’

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার কুকুরটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং এক স্থানীয় ব্যক্তি সেটির দেখভাল করছেন।

এই ঘটনায় দণ্ডবিধির ৪২৮ ধারা ও প্রাণী কল্যাণ আইন ২০১৫-এর ২৯(১) ধারা অনুযায়ী তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তিকে তিন বছরের বেশি কারাদণ্ড এবং জরিমানা করা হতে পারে।

এদিকে, কুকুর নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটির সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ব্যাপক প্রতিক্রিয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

 খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।