১৭ বছর পর ডেড ম্যানস বোনসের নতুন গান মুক্তি

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত টিজার পোস্টের মাধ্যমে দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে গান দিয়ে ফিরল ডেড ম্যানস বোনস। হলিউড তারকা রায়ান গসলিং ও সংগীতশিল্পী জ্যাক শিল্ডসের সমন্বয়ে গঠিত ব্যাটি ১৭ দীর্ঘ বছর পর তাদের নতুন ট্র্যাক “লস্ট ইন দ্য নাইট” প্রকাশ করেছে। গানটির সংগীত প্রযোজনায় ছিলেন তাদের পুরনো সহযোগী টিম অ্যান্ডারসন। একযোগে গানটির একটি মার্জিত ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট মিউজিক ভিডিও ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে এসেছে, যেখানে অভিনয় করেছেন ‘হ্যামনেট’ খ্যাত নোয়া জুপ এবং ‘দ্য সামার আই টার্নড প্রিটি’-র রেইন স্পেন্সার।
নতুন গান তৈরির উদ্যোগ বেশ কিছুদিন ধরে চললেও কোথায় রেকর্ডিং করা হবে তা নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় গসলিং ও শিল্ডসের মধ্যে। লস অ্যাঞ্জেলেসের বেশ কয়েকটি আধুনিক স্টুডিওতে চেষ্টা করার পর তাঁরা শহরের কোলাহল ছেড়ে দূরে একটি প্রত্যন্ত খামারবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সঙ্গে নিয়ে যান সামান্য কিছু বাদ্যযন্ত্র—দুটি গিটার, দুটি ড্রাম মেশিন এবং দুটি সিন্থেসাইজার। সেখানেই নিভৃত পরিবেশে এক দিনের মধ্যেই সম্পন্ন হয় “লস্ট ইন দ্য নাইট”-এর পুরো রেকর্ডিং প্রক্রিয়া।
ডেড ম্যানস বোনসের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৯ সালে তারা তাদের প্রথম এবং একমাত্র সেলফ-টাইটেল্ড (স্বনামধন্য) অ্যালবামটি প্রকাশ করেছিল। ইন্ড রক, গথিক ফোক এবং ফাইভটিজ ডু-ওপ ঘরানার এক দারুণ মিশ্রণ ছিল সেই অ্যালবামটিতে। রেড হট চিলি পেপার্সের বিশ্বখ্যাত বেজিস্ট ‘ফ্লি’ কর্তৃক প্রতিষ্ঠিত ক্যালিফোর্নিয়ার ঐতিহ্যবাহী সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সিলভারলেক কনজারভেটরি চিলড্রেনস কোয়ার’-এর শিশুশিল্পীরা সেই অ্যালবামে তাদের কণ্ঠ দিয়েছিল।
প্রথম অ্যালবামের প্রচারণা শেষ হওয়ার পরপরই রায়ান গসলিং তাঁর অভিনয় ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়েন এবং ব্যান্ডটি সংগীতাঙ্গন থেকে দীর্ঘ বিরতিতে চলে যায়। প্রকাশ্যে কোনো নতুন গান না আসলেও সংগীতপ্রেমীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা কখনো কমেনি। বিশেষ করে ক্যাটেরিনা মারি পোটারের (ক্যাট পাওয়ার) মতো খ্যাতিমান শিল্পীরা ২০২২ সালের ‘কভার্স’ অ্যালবামে তাদের “পা পা পাওয়ার” গানটি নতুন করে গান।
এর পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন ড্রামার আবহসংগীত হিসেবে তাদের গান ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তাদের আগের গানগুলো নতুন করে নেটদুনিয়ায় সাড়া ফেলে। এই পুনরুজ্জীবিত জনপ্রিয়তাই শেষ পর্যন্ত গসলিং ও শিল্ডসকে ১৭ বছর পর পুনরায় একত্রিত হয়ে নতুন গান তৈরিতে অনুপ্রাণিত করেছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।