সংহতি দিবসের কনসার্টে সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে শনিবার মানুষের ঢল নামে। বিকেল থেকে রাত পর্যন্ত জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দর্শকের ভিড় ছড়িয়ে পড়ে খামারবাড়ি মোড় পেরিয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত। দীর্ঘ সময় পর এমন বড় জনসমাগমের সাক্ষী হলো রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়ক।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টে অংশ নিতে দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। তবে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় শিল্পী ও ব্যান্ডের গান সরাসরি শুনতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সংগীতপ্রেমীরা। বিকেল সাড়ে তিনটায় শুরু হয় আয়োজন।

হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের পরিবেশনার মধ্য দিয়ে কনসার্টের সূচনা হয়। প্রায় ৪০ মিনিটের পরিবেশনায় ব্যান্ডটি মোট পাঁচটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখে। শুরুতেই তারা পরিবেশন করে ‘অপরাজেয়’। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মরণে গাওয়া ‘নিয়তি’ গানটি পরিবেশন করে। তালিকায় ছিল ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ এবং প্রথম অ্যালবামের জনপ্রিয় গান ‘বিস্ময়’।

মেকানিক্সের পর মঞ্চে আসে ব্যান্ড শিরোনামহীন। ‘পাখি’ গান দিয়ে পরিবেশনা শুরু করে তারা। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার-মরু’ পরিবেশন করে দর্শকদের সামনে ভিন্ন আবহ তৈরি করে ব্যান্ডটি। তাদের পরিবেশিত অন্য গানগুলোর মধ্যে ছিল ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘এই অবেলায়’ ও ‘আবার হাসি’। বিশেষ করে ‘এই অবেলায়’ গানের সময় সমবেত দর্শকের বড় একটি অংশ কণ্ঠ মেলান। পুরো অ্যাভিনিউজুড়ে তৈরি হয় এক সম্মিলিত সংগীতমুখর পরিবেশ।

এরপর পর্যায়ক্রমে মঞ্চে ওঠে আর্টসেল, ফিডব্যাক ও ওয়ারফেজ। ওয়ারফেজ তাদের পরিবেশনা শুরু করে ‘হারিয়ে তোমাকে’ দিয়ে। এরপর একে একে গাওয়া হয় ‘অসামাজিক’, ‘তোমাকে’, ‘জাত গেল’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’ ও ‘বসে আছি একা’। ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সঙ্গে দর্শকের উচ্ছ্বাসও বাড়তে থাকে।

ওয়ারফেজের পর মঞ্চে আসে মাইলস। ‘জ্বালা জ্বালা’ দিয়ে শুরু হওয়া তাদের পরিবেশনা শেষ হয় ‘ফিরিয়ে দাও’ গানের মধ্য দিয়ে। একের পর এক পরিচিত গান পরিবেশিত হওয়ায় দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানস্থলে সংগীতপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহ বজায় থাকে।

রাত ১০টার দিকে মঞ্চে ওঠেন কনসার্টের অন্যতম প্রধান আকর্ষণ নগরবাউল জেমস। মঞ্চে এসেই তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ।’ এরপর ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ গান দিয়ে শুরু করেন নিজের পরিবেশনা। একে একে গেয়ে শোনান ‘দিওয়ানা’, ‘গুরু’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বাংলাদেশ’, ‘মীরা বাঈ’, ‘তারায় তারায়’ ও ‘পাগলা হাওয়া’। সবশেষে ‘ভিগি ভিগি’ গানের মধ্য দিয়ে শেষ হয় কনসার্ট।

গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে কথা বলেন জেমস। তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে বারবার বলেন, ‘তোমরা আমার জান, তোমরা আমার প্রাণ।’ তাঁর পরিবেশনায় উচ্ছ্বসিত দর্শকেরা গানের সঙ্গে কণ্ঠ মেলান এবং হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন।

কনসার্টে স্বাগত বক্তব্য দেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব জুবায়ের আহমেদ বাবু। এরপর বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা থেকে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ভঙ্গুর একটি দেশকে পুনর্গঠনের চেষ্টা চলছে। জনগণের ভোটে সরকার গঠন করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি দিনভর সংগীতপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। বিকেলের শুরু থেকে রাতের শেষ পরিবেশনা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিল গানের আয়োজন, দর্শকের উচ্ছ্বাস এবং সম্মিলিত কণ্ঠে পরিচিত সুরের প্রতিধ্বনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।