নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা

নেত্রকোনা সদর উপজেলায় গামছা দিয়ে মুখ ঢেকে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় এই নাশকতার ঘটনাটি ঘটে। তবে ব্যাংকে কর্মরত নৈশপ্রহরীর সময়োচিত সাহসিকতা ও তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটির প্রায় ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখমণ্ডল গামছা দিয়ে ঢাকা এক ব্যক্তি হঠাৎ ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি সাথে আনা বোতল থেকে দরজার গ্রিলের সামনে পেট্রল ঢেলে দেন এবং দেশলাই দিয়ে আগুন ধরিয়ে মুহূর্তের মধ্যেই দ্রুত পালিয়ে যান। আমতলা শাখার ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, আগুন লাগানোর বিষয়টি টের পেয়ে কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে ব্যাংকের সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে এবং গ্রিলে আগুনের দাগ পড়েছে, তবে ভেতরের কোনো মালামাল ক্ষতিগ্রস্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

খবর পেয়ে নেত্রকোনা সদর থানা পুলিশের একটি দল সকালে দুঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আগুন দীর্ঘস্থায়ী না হওয়ায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করছে এবং ভিডিওর ওপর ভিত্তি করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, লিখিত অভিযোগ মিললেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নেত্রকোনা সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কোনো শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ১৪ অক্টোবর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মৌগাতি শাখাতেও একইভাবে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই হামলায় কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। মাসকালের ব্যবধানে একই জেলায় ব্যাংকটির একাধিক শাখায় একই কায়দায় নাশকতার চেষ্টা চলায় স্থানীয় বাসিন্দা ও ব্যাংক কর্মীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।