পাকিস্তানে নিরাপত্তা স্থাপনায় বোমা হামলায় নিহত ১২

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি নিরাপত্তা স্থাপনায় বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর দুই আত্মঘাতী বোমা হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে হামলা করে। পুলিশ এবং একজন হাসপাতালের কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা এপিকে জানিয়েছেন, দুই হামলাকারী উত্তরাঞ্চলীয় জেলা বান্নুতে দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে কম্পাউন্ডের দেয়ালে ধাক্কা দেয় এবং অন্য হামলাকারীরা ঘটনাস্থলে প্রবেশ করে।

বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ নোমান বলেছেন, হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সকলেই বেসামরিক নাগরিক। তারা ধসে পড়া ভবন এবং দেয়ালের নিচে আটকা পড়েছিলেন।

হাসপাতালের একটি তালিকা থেকে জানা গেছে, নিহতদের মধ্যে কমপক্ষে সাতটি শিশু রয়েছে।

পাকিস্তান তালেবানের সাথে যুক্ত একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছেন। তবে হতাহতের বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলার পর গুলি বিনিময়ে ছয়জন হামলাকারী নিহত হয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণে দুটি চার ফুট লম্বা গর্ত তৈরি হয় এবং এটি এতটাই শক্তিশালী ছিল যে এলাকার কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

জৈশ আল-ফুরসান এই হামলার দায় স্বীকার করেছে। পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে এটি তৃতীয় হামলা। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, বিস্ফোরণের উৎস ছিল বিস্ফোরক বোঝাই যানবাহন।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি বিস্ফোরণের বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন।

পাকিস্তানের একটি ইসলামী ধর্মীয় স্কুলে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হওয়ার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।