খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, পরিবার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে রয়েছে এসব ব্যাংক একাউন্ট।
রবিবার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন বলে সূত্রে জানা গেছে। দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন এই ব্যবসায়ী গ্রুপের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদন অনুযায়ী, এসব ব্যাংক হিসাবে মোট ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে। সামিট গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে সঞ্চয়ী, এফডিআর ও অন্যান্য হিসাবের তথ্য পাওয়া গেছে।
এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। হিসাবগুলোতে বর্ণিত পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। যেকোনো সময় বর্ণিত অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপনের বিপুল সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানের স্বার্থে বর্ণিত ১৯১টি হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭০০ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন।
খবরওয়ালা/আরডি