সকালে বনানী এলাকায় সড়ক দূর্ঘটনায় এক নারী পোশাক কর্মী নিহতের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের অবরোধে স্থবির হয়ে পড়েছে রাজধানীর একাংশ। এ সময় আন্দোলনকারীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ করে দেন। ফলে বনানী, গুলশান, কাকলি, কুড়িল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র ভোগান্তির মধ্যে পড়েছে অফিসগামী এবং সাধারণ যাত্রীরা। কোন কোন মোড়ে রোগীবহনকারী অ্যাম্বুলেন্সও আটকে থাকতে দেখা গেছে। বাধ্য হয়ে যাত্রীদের কেউ কেউ হেঁটেই গন্তব্য স্থানে পৌঁছার চেষ্টা করছেন।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্প বন্ধ করে দেওয়ায় বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে যা ছাড়িয়ে গেছে এয়ারপোর্ট পর্যন্ত।
ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের যেন ভোগান্তি না হয় গাড়ি ডাইভারশন করে দিচ্ছি।
কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু গাড়ি রামপুরা রোড এবং প্রগতি সরণি দিয়ে যেতে দেওয়া হচ্ছে।
এই সড়ক ব্যবহারকারীদের উদ্দেশে সকালে ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানায়, বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে।
খবরওয়ালা /এমএজেড



