খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়, যিনি সম্প্রতি অভিনয় জগৎ ছেড়ে পুরোপুরি রাজনীতির পথে হাঁটছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন তিনি।
সম্প্রতি পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে বিজয়ের দল আয়োজিত এক ইফতার পার্টির ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, বিজয় সাদা কুর্তা ও টুপি পরে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং দোয়া করছেন। সংবাদ সংস্থা এএনআই ভিডিওটি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করলে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তার ভক্তদের একাংশ এই সম্প্রীতির বার্তাকে প্রশংসা করলেও, অন্যদিকে সমালোচনার ঝড়ও ওঠে।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিজয়ের এই ইফতার আয়োজনে মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তামিলনাড়ু সুন্নত জামাত। সংগঠনটির কোষাধ্যক্ষ সৈয়দ কওস চেন্নাই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সৈয়দ কওস দাবি করেছেন, গোটা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ‘খারাপ’ ভাবে। তাঁদের কাছে বিজয় একবারও দুঃখপ্রকাশ করেননি বলে অভিযোগ করেছেন তিনি। তাঁদের অভিযোগ, বিজয়ের ‘বিজাতীয় রক্ষী’র সকলেই তাঁদের অপমান করেছেন। আমন্ত্রিতদের সঙ্গে ‘গরুর মতো ব্যবহার’ করা হয়েছে বলেও তাঁর দাবি।
কওস আরও দাবি করেন, এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে ফের না ঘটে সে জন্য বিজয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। আমরা কিন্তু প্রচারের আলোয় আসার জন্য অভিযোগ দায়ের করিনি। ওই ইফতারে কিছু মানুষের মদ্যপান করে উপস্থিত হওয়াতেই আপত্তি তুলেছেন আমন্ত্রিতদের একাংশ।
অভিনয়জগতে দীর্ঘ সময় কাটানোর পর বিজয়ের রাজনীতিতে প্রবেশ তামিলনাড়ুতে আলোচনার ঝড় তুলেছে। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের পর প্রথম সমাবেশেই প্রায় তিন লক্ষ মানুষের উপস্থিতি দাবি করা হয়, যা তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয়।
এই বিতর্ক তার রাজনৈতিক ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে স্পষ্টতই, সিনেমার মতো রাজনীতিতেও তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করেছেন।
খবরওয়ালা/এমবি