খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটি আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনী প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাগুরায় নির্যাতিত শিশুটি বৃহস্পতিবার দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় মারা যান । সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দুইবার তাকে স্থিতিশীল করা সম্ভব হলেও তৃতীয়বার হৃদস্পন্দন ফিরে আসেনি।
উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল।
এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
খবরওয়ালা/জেআর