সিরাজগঞ্জে দেওয়াল চাপায় দুই নির্মাণশ্রমিক নিহত

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের কাজ করার সময় ধসে পড়া দেওয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বহুলী দক্ষিনপাড়ার পঞ্চনন দাসের ছেলে কমল চন্দ্র দাস (৩৫) ও কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক সেখের ছেলে রাজা সেখ (৪২)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, শনিবার বেলা ১১টার দিকে শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিল পাঁচ শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেওয়াল ধসে পাঁচজন চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিককে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাসায় নিয়ে গেছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক। আহতের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুর রহমান জানান, মাটি থেকে পাঁচ ফুট নিচে খননের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় রাস্তার পাশে বাড়ির ৬-৭ ফুট উঁচু একটি দেওয়াল ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মাটির নিচে আরও কেউ চাপা আছে কিনা সেটি দেখতে আমরা কাজ করে যাচ্ছি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।