খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫
সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তের শূন্য রেখায় আবারও ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফের সদস্যরা।
সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রামের সর্দার পাড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে শূন্যরেখায় ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা এই চেষ্টা করে বলে জানা যায়।
দহগ্রাম মাস্টারপাড়া এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলাম (৪৫) বলেন, সকাল সাড়ে ১১টার দিকে বেশ কিছু বিএসএফ তাদের দেশের লোকজন নিয়ে ভুট্টা ক্ষেতের সঙ্গে শূন্যরেখার সীমান্তে লোহার খুঁটি ও বেড়া দিতে থাকে। বিজিবি ঘটনা জানতে পেয়ে গিয়ে কাজ বন্ধ করে দেয়। বিএসএফ জোর করে নির্মাণের চেষ্টা করলে বিজিবির ৩-৪ জন সদস্যরা খুঁটি বসাতে দেয়নি। পরে বিএসএফ কাজ না করে চলে যায়।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইযুব আলী ।
এর আগে, গতমাসের ২৮ তারিখ দহগ্রামের কলোনীপাড়া সীমান্তের শূন্য রেখায় রাতের আধারে প্রায় ৫শ মিটার জায়গায় লোহার খুঁটি ও বেড়া নিমান করে ভারতীয় বিএসএফ।
খবরওয়ালা/টিএ