কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫
কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার ও ফিল্ড সুপার ভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদানসহ ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। রবিবার (২৩ মার্চ) সকাল ১১টায় কালেক্টর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় একযোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। মানববন্ধনে জেলা উপজেলার নেতৃবৃন্দরা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপার ভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদান করতে হবে।
তাদের দাবিগুলো হলো- নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায়ে মাহে রমজানের মধ্যে পাস করতে হবে। ঈদ-উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে, কোনভাবে আউটসোসিং পদ্ধতিতে নেওয়া যাবে না। শিক্ষক-শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক-শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
খবরওয়ালা/টিএ