খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫
ইতালির ভিচেন্সায় প্রকাশ্যে আজান দিয়ে খোলা মাঠে একসঙ্গে ইফতার করেছেন বিভিন্ন দেশের প্রবাসী মুসলিমরা। রবিবার (২৩ মার্চ) বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে ইতালিয়ান নাগরিকসহ পাকিস্তান, মরক্কো, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে আজান দেওয়া হয়, এরপর সবার জন্য উন্মুক্ত ইফতার পরিবেশন করা হয় এবং উপস্থিত মুসলিমরা একসঙ্গে নামাজ আদায় করেন।
এক ইতালিয়ান নাগরিক বলেন, ‘আজানের ধ্বনি ও মুসলিমদের ঐক্যবদ্ধ ইফতার দেখে আমি অভিভূত। এটি সত্যিই একটি সুন্দর অভিজ্ঞতা।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান। ভিচেন্সা ইসলামি সেন্টারের সভাপতি নাজিম উদ্দিন জানান, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে সুন্দরভাবে তুলে ধরতেই এই খোলা মাঠের ইফতারের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘তারা জানুক, আমরা মুসলমানরা এভাবে সিয়াম সাধনার একটি মাস পালন করি।’ এসময় তিনি আয়োজনে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইফতার মাহফিলে ভিচেন্সার বাংলা কমিউনিটিসহ সব প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উৎসাহ ও উদ্দীপনাময়। এতে উপস্থিত ছিলেন ভিচেন্সার উপ-মেয়র সাবেলা সালা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায় বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেন্সার প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে বিতর্ক থাকলেও ইতালির মতো দেশগুলোতে সম্প্রদায়ভিত্তিক শান্তিপূর্ণ আয়োজনের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় অধিকার সংরক্ষণের পথে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে।
খবরওয়ালা/জেআর