‘শক্ত থাকো, চ্যাম্পিয়ন’; বন্ধু তামিমের জন্য যুবরাজ-মালিঙ্গা-তিওয়ারির প্রার্থনা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের হার্টে রিং পরানো হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি এখন সুস্থতার পথে রয়েছেন। তার জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

তামিম ইকবালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশের ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা এবং জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।

মনোজ তিওয়ারি এক টুইটে লেখেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’

লাসিথ মালিঙ্গা লেখেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’

যুবরাজ সিং লিখেছেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’

হার্শা ভোগলে তার টুইটে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে, তামিমের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা তামিমের দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার মাঠে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।