সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি: নুর

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে গণ অধিকার পরিষদের নগর ও জেলা কমিটির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক নুর। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘গত কয়েকদিনের ঘটনাগুলো দেখে বুঝা যাচ্ছে, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।’

তিনি বলেন, ‘দেশে এখন নতুন ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে। বর্তমানে দেশে নির্বাচিত সরকার নেই, এবং এ ধরনের শূন্যতার সুযোগে বিভিন্ন মহল ষড়যন্ত্র এবং জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।’

তিনি বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির মতো সংগঠনগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, ‘এই সংগঠনগুলো যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে, তাতে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলে তখন জনগণের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। আমরা জানতে পেরেছি, ছাত্র নেতারাই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে সেনা সদরে গিয়েছিল। ছাত্রদের সেনা প্রধান ডাকেনি। গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় ভূমিকা ছিল, তা ভুলে গেলে চলবে না।’

নুরুল হক আরও বলেন, ‘৫ আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ৯০-এ স্বৈরাচার এরশাদকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানিয়ে দিয়েছিলেন মি. প্রেসিডেন্ট, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, ঠিক একইভাবে বর্তমান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানও শেখ হাসিনার আত্মীয় হয়েও ৪ আগস্ট জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে।’

তিনি বলেন, ‘আজ সেনাবাহিনীকে টার্গেট করে যেসব বক্তব্য আসছে, তা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক ও অভিসন্ধিমূলক মনে করি। এই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না।’

বর্তমান সময়ে দেশে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘এই পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন কমিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ঈদের আগেই জাতীয় সংলাপ প্রয়োজন।’

নুরুল হক নুর দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমাদের দলকে বিজয়ী করতে হবে।’

কর্মীসভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের বরিশাল জেলার সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার প্রমুখ।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।