অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস

প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রবিবার (২৩ মার্চ) রোমের জেমিলি হাসপাতাল থেকে ৮৮ বছর বয়সী এই ধর্মগুরুকে ছাড়পত্র দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাসপাতাল ছাড়ার আগে জনসম্মুখে উপস্থিত হন তিনি। এর আগে ১৪ ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসেছিলেন তিনি।

রবিবার ভ্যাটিকান থেকে প্রকাশিত সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও সেবার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন পোপ।

হাসপাতাল থেকে বের হয়ে পুলিশি পাহারায় পোপকে বহনকারী গাড়ি তার বাসভবনের দিকে যাত্রা শুরু করে। পথিমধ্যে ব্যাসিলিকা অব সেইন্ট ম্যারি চার্চে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন তিনি। এই গির্জার প্রতি ফ্রান্সিসের ব্যক্তিগত শ্রদ্ধা থাকায় ঘনঘনই প্রার্থনা করতে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পোপকে নিশ্বাসে সহায়তা করার জন্য অক্সিজেন সরবরাহ করা হয়েছিল। তবে জনসম্মুখে স্বাভাবিকভাবেই নিশ্বাস নিচ্ছিলেন তিনি। অবশ্য গাড়িতে থাকাকালীন তার নাকে অক্সিজেনের নল ব্যবহার করতে দেখা গেছে।

বিশ্বব্যাপী ক্যাথলিকরা পোপের আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছিলেন। হাসপাতাল থেকে তার ছাড়পত্র পাওয়ার খবরে স্বস্তি পেয়েছেন ভ্যাটিকানে আসা তীর্থযাত্রীরা।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও বৃদ্ধ পোপের পুরোপুরি সুস্থ হতে সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। অন্তত আগামী দুমাস তাকে যে কোনও রকম কাজকর্মের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই অবস্থায় পোপের আসন্ন কর্ম পরিকল্পনায় কিছু পরিমার্জনা করতে পারে ভ্যাটিকান। আগামী ৮ এপ্রিল পোপের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন রাজা চার্লস। এছাড়া, ইস্টার আয়োজনের জন্য ২০ এপ্রিল কিছু আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার কথা ছিল তার।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।