গাজীপুরে হঠাৎ কারখানা বন্ধ, মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। এ সময়ে শ্রমিকেরা সকাল সাড়ে সাতটা থেকে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে তাঁরা সড়ক থেকে সরে যান।

কারখানার শ্রমিকরা জানায়, উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় ‘হ্যাগ নীট ওয়্যার’ নামের কারখানার অবস্থান। এতে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকেরা কয়েক দিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। আজ সকাল ৭টার দিকে শ্রমিকেরা কাজে গিয়ে দেখেন, কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

একপযায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা–পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে আটটা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়। এ প্রতিবেদন লেখার সময় সকাল নয়টার দিকে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছিলেন।

কারখানার জুনিয়র অপারেটর স্বপ্না বেগম বলেন, ‘চলতি মাসসহ তিন মাস ধরে আমাগো বেতন দেয় না। আশপাশের সব কারখানায় ঈদের বোনাস দিয়া দিছে কিন্তু আমাগে দেয় নাই। গতকাল (সোমবার) বেতন ও ঈদের বোনাস চাইছি। আজ (মঙ্গলবার) সকালে কাজে আইসা দেহি গেটের মধ্যে তালা দিয়া রাখছে। ভিতরেও কেউ নাই।’

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে; তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।