খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫
প্রতি বছরের ন্যায় ঈদের আনন্দ গরিব-দুঃখী সবার সাথে ভাগাভাগী করতে চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন “গরিব ফাউন্ডেশন”।
আজ রবিবার (৩০ মার্চ) পরিবেশবাদী সংগঠন “গ্রিন এন্ড ক্লিন ফাউন্ডেশন” এর ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর এবং নবীনগর উপজেলার নারায়ণপুরে, বগুড়া জেলার ধুনট উপজেলায় এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিবন্ধী ও হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে পোলাউ চাল, সেমাই, দুধ, চিনি, সয়াবিন তেল, সাবান, মুশুর ডাল, আলু ইত্যাদি বিতরণ করেছে।
গ্রিন এন্ড ক্লিন ফাউন্ডেশনের সামাজিক আন্দোলন “ক্লিন গ্রিন বাংলাদেশ” (সংক্ষেপে সিজিবি) বগুড়া ইউনিট, ব্রাহ্মণবাড়িয়া সদর ইউনিট ও নবীনগর ইউনিট এবং সিরাজগঞ্জের তাড়াশ ইউনিটের স্বেচ্ছাসেবীগণ রাতের আঁধারে হত দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌছে দেন। উপহার পেয়ে পরিবারগুলো আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।
জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা জি এম কিবরিয়া বলেন যে, ২০১৬ সাল থেকে “গরিব ফাউন্ডেশন” মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। গরিব ফাউন্ডেশনের অন্যতম সহযোগী সংগঠন “গ্রিন এন্ড ক্লিন ফাউন্ডেশন” ১৩ টি ইউনিট হতদরিদ্র মানুষের মাঝে প্রতি ঈদে এই খাদ্য সামগ্রী বিতরণ করতে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বছরও বর্ণিত চার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ জন্য আমরা আনন্দিত। সেই সাথে তিনি গরিব ফাউন্ডেশনকে অনুদান প্রদানকারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, স্কুল-কলেজ, রাস্তাঘাট পরিচ্ছন্নতা ও সবুজায়নের পাশাপাশি “গ্রিন এন্ড ক্লিন ফাউন্ডেশন” এবং “গরিব ফাউন্ডেশন” হত-দরিদ্রদেরকে নলকুপ, টয়লেটহীন পরিবারকে টয়লেট, দরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবৃত্তি এবং দরিদ্র রোগীদের যথাসাধ্য চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে।
খবরওয়ালা/এমএজেড