খবরওয়ালা স্পোর্টস ডেস্ক
প্রকাশ: 20শে চৈত্র ১৪৩১ | ৩ই এপ্রিল ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার (৩ এপ্রিল) পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি এক নম্বর স্থান সুসংহত রেখেছে। দুই ধাপ এগিয়ে ১৮৫ থেকে ১৮৩ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত দুই ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। তখন এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় লাল–সবুজের জার্সিধারীরা। ২০২৩ সালে অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস ১৮৩ নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে বাংলাদেশ।
গত বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট আটবার র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এই সময়ে বাংলাদেশ ১৮৪ আর ১৮৫ এর ঘরেই আটকা ছিল৷
সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ভুটান।
ফিফা র্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালে ফুটবল খেলা দেশগুলোর মধ্যে এমন শক্ত অবস্থানে ছিল তাঁরা। এরপর নিয়মিত বিরতিতে মাঠের পারফরম্যান্স পড়তির দিকে যাওয়ায় র্যাঙ্কিংয়ে গ্রাফটাও নিম্নমুখী হতে থাকে৷ ২০১৮ সালে বাংলাদেশ নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৯৭ নম্বরে।
গত ২৫ মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র্যাঙ্কিং একটু উন্নতি হলো।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন উন্নতির দিনে একধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ১২৭তম অবস্থানে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ধরে রেখেছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলে হারানো আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৮.৯১।
আর্জেন্টিনার পরেই আছে স্পেন। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্প্যানিশরা। চারে ইংল্যান্ড, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচে।
খবরওয়ালা/এসআর