খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রায় ৮ মাস পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বৈঠক হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গও।
ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, বৈঠকে মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের ইচ্ছার ওপর জোর দেন।
বিক্রম মিশ্রি বলেন, মোদি আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন। বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে।
খবরওয়ালা/টিএ