পাকিস্তানকে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ডের

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারার পর পাকিস্তান তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ৪৩ রানে পরাজিত হয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।

শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মঙ্গুনুইতে টস হেরে ব্যাটিং করতে নামেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকরা। রিস মারিউ ৬১ বলে ৫৮ রান এবং অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ৪০ বলে ৫৯ রান করেন। এছাড়া ড্যারিল মিচেল ৪৩ ও হেনরি নিকোলস ৩১ রান করেন। পাকিস্তানের পক্ষে আকিফ জাভেদ ৪টি উইকেট শিকার করেন।

পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনার ইমাম-উল হক রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তৃতীয় ওভারে কিউই বোলার উইলিয়াম ও’ রুর্কির শর্ট লেন্থের বলে নরম হাতে সিঙ্গেল নিতে গিয়ে ইমামের হেলমেটে আঘাত লাগে। ফিজিও তাকে মাঠে সহায়তা করতে আসেন এবং দ্রুত তাকে মাঠ ছাড়তে হয়। ৭ বলে ১ রান আসে তার ব্যাট থেকে।

অন্য ওপেনার আবদুল্লাহ শফিক ৫৬ বলে ৩৩ রান করে আউট হন। বাবর আজম ৫৮ বলে ৫০ রান করে ফেরেন, আর মোহাম্মদ রিজওয়ান ৩২ বলে ৩৭ রান করেন। তায়্যেব তাহির ৩১ বলে ৩৩ রান করেন। বাকিরা কোনো বড় ইনিংস খেলতে পারেননি।

নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। ডাফি ৪০ রান দিয়ে ২ উইকেট নেন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।