ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, সদরঘাটে উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে রবিবার (৬ এপ্রিল) শুরু হবে প্রথম কর্মদিবস। তাই নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে শনিবার (৫ এপ্রিল) বাস, ট্রেন ও লঞ্চে চড়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে বিভিন্ন পেশায় নিয়োজিত সকল কর্মজীবী মানুষ। এতে প্রতিটি পরিবহনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখতে পাওয়া যায়। মানুষের চাপ বেড়েছে সদরঘাটেও।

লঞ্চকর্মীরা বলছেন, গত দু’দিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশে ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষের ভিড় ও কিছুটা দুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে যাত্রীদের।

অন্যদিকে এখনো ঢাকা ছাড়ছে কিছু মানুষ। রাজধানী এখনো বেশ ফাঁকা ও যানজটমুক্ত।

বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে সকাল ৮টা পর্যন্ত ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঢাকামুখী যাত্রীর চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখে আবার বরিশালের দিকে চলে যাচ্ছে।

বিআইডব্লিটিএ’র কর্মকর্তা আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ভোর থেকে লঞ্চগুলো যাত্রীবোঝাই হয়ে ঢাকায় আসতে শুরু করে। লম্বা ছুটি ছিল, এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দু’দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানীর অধিকাংশ মানুষ ফিরে আসবে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত রাজ মিয়া বলেন, ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলাম। আজ ঢাকায় ফেরা মানুষের বেশ চাপ আছে। তবে খুব বেশি বলা যাবে না। পদ্মা সেতু হওয়ার কারণে লঞের যাত্রী কমেছে। তারপরও অতিরিক্ত চাপ থাকায় আমাদের সকাল সাড়ে ৫টায় টার্মিনালে রেখে লঞ্চটি পুনরায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সদরঘাটে গাড়ি পেতে দুর্ভোগ পোহাতে হয়েছে আমাদের।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে শতাধিক লঞ্চ যাতায়াত করছে। অতিরিক্ত চাহিদা বিবেচনায় কিছু বিশেষ লঞ্চ ছাড়া হচ্ছে। সাধারণ সময়ে লঞ্চগুলো বাই রোটেশন চলাচল করে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।